
সাইফুল ইসলাম বরিশালঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করার অভিযোগে ৮ দালালকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরি বিভাগ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ছিল এই চক্রটির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে “র্যাব ৮ “ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
মোট ৮ জন দালাল আটক হন এদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন পুরুষ।
সরকারি হাসপাতালের রোগীদের ভুল বুঝিয়ে বাইরের ক্লিনিকে নিয়ে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় এবং সাধারণ রোগীদের চলাচলে বাধা সৃষ্টি করে রোগীর স্বজনদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেন এই দালাল চক্র’টি।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের সাজা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনায় ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতেই এই অভিযান। হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ রোগীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দালালদের কারণে অনেক সময় স্বল্প আয়ের মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে সর্বস্বান্ত হয়। এই কঠোর পদক্ষেপ দালালমুক্ত হাসপাতাল গড়তে সাহায্য করবে বলে মনে করেন।