
প্রতিবেদক, সাইফুল ইসলাম বরিশালঃ
বরিশাল-ঢাকা মহাসড়কের ১ নম্বর সিএন্ডবি পোল এলাকায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। ঘাতক কাভার্ডভ্যান, ট্রাক ও একটি ব্যাটারিচালিত রিকশার মধ্যে হওয়া এই সংঘর্ষে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-৩০৩১) ও একটি ট্রাকের সাথে ব্যাটারিচালিত রিকশাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রিকশায় থাকা এক যাত্রী ছিটকে রাস্তার ওপর পড়েন। এসময় তার মাথা রাস্তার পাথরের সাথে পিস্ট হয়ে মগজ বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা ও পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠিয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-উ ১৪-৩০৩১) শনাক্ত করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।
সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলুন এবং গতিরোধক ও জনবহুল এলাকায় সাবধানে গাড়ি চালান।
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কথাটি মনে রাখবেন।