
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল মহানগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাবু সিকদার ওরফে কালা বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পলাশপুর ৭ নম্বর রোডের তিন রাস্তার মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাবু সিকদার কাউনিয়া থানার ৫ নম্বর পলাশপুর (গেরেরপাড়) এলাকার বাসিন্দা কালাম সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে গভীর রাতে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত বাবু সিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে বাবু পাশের একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা সেখানে ঢুকেও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. সিয়াম (২২), পিতা: নান্টু
শহীদ (২৭), পিতা: লাল মিয়া
তাদের বাড়ি পলাশপুর এলাকার ৭ নম্বর গুচ্ছগ্রাম, ৫ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানায়, অভিযানকালে ঘটনাস্থল ও আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ মামলার অন্য আসামি রাজু ফকির (২৬) ও সাজ্জাদ (২৫)-সহ পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কাউনিয়া থানা পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কাউনিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।